পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

আবু হানিফ | পাকুন্দিয়া
জুলাই ২১, ২০২৬
পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। যুক্তি, তথ্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই বিতর্ক প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে দলটির তার্কিকদের বক্তব্য সবার প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুন্নাহার।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি।

মডারেটর ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন।

প্রথম পর্বে ‘দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষাই বেশি কার্যকর’—বিষয়ের পক্ষে ও বিপক্ষে আটটি দল যুক্তিতর্ক উপস্থাপন করে। একপক্ষ দুর্নীতি প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। অন্যপক্ষ কঠোর আইন প্রয়োগ, শাস্তির নিশ্চয়তা এবং কার্যকর বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রাণবন্ত যুক্তি-পাল্টা যুক্তিতে প্রতিযোগিতা হয়ে ওঠে উপভোগ্য।

এ পর্ব শেষে চারটি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেই দুর্নীতি কমবে’—বিষয়ে বিতার্কিকরা সরকারি-বেসরকারি সব পর্যায়ে জবাবদিহিতা, তথ্যের উন্মুক্ততা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সেখান থেকে দুটি দল ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনালে মুখোমুখি হয় হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আইনি ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর’—বিষয়ের পক্ষে ও বিপক্ষে দুই দলের ক্ষুদে বিতার্কিকরা সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার নানা দিক তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। তাদের আত্মবিশ্বাসী, তথ্যনির্ভর ও পরিপক্ব উপস্থাপনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন দল আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুপ্রিয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ