কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিকদের সঞ্চয়ের অর্থের পে-অর্ডার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে সঞ্চয়ের অর্থের পে-অর্ডার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পে-অর্ডার চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় মেরামত ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এলজিইডি’র নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পাকুন্দিয়া উপজেলার ২৬ জন শ্রমিকের সঞ্চয়ের অর্থের পে-অর্ডার চেক বিতরণ করা হয়। এতে মোট ২৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের প্রাপ্য অর্থ সময়মতো পরিশোধ করা জরুরি। সঞ্চয়ের এই অর্থ শ্রমিকদের ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগ শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট শ্রমিকেরা উপস্থিত ছিলেন।