কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় কটিয়াদী-মঠখোলা-টোক-কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পল্লী বিকাশ কেন্দ্র সংলগ্ন সানলাইট প্রি-ক্যাডেট স্কুলের সামনের ঝুঁকিপূর্ণ সড়কটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে তিনি নিজেই বেলচা হাতে নিয়ে সড়কের গর্তে মাটি-বালু ফেলা শুরু করেন। কোনো শ্রমিক নিয়োগ না করে তিনি নিজেই এ কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, পাকুন্দিয়া উপজেলার বটতলা থেকে মঠখোলা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বৃষ্টিতে গর্তে পানি জমে যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বাড়ে এবং রাতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের আগে সড়কটি সংস্কার করা হলেও নতুন করে পুনরায় বেশ কিছু গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে।
এ রকম পরিস্থিতিতে পথচারী ও জনসাধারণ ছাড়াও যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কটি ক্রমশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
মানুষের এমন দুর্ভোগ দেখে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদ নেতা হাসান আহমেদ রমজান।
এ ব্যাপারে হাসান আহমেদ রমজান বলেন, আমি এই এলাকারই একজন নাগরিক। মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখেছি। তাই সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছি।
এদিকে স্থানীয়রা সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।