আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার, দর্শকদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার | খেলাধুলা
জুন ১, ২০২৬
আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার, দর্শকদের উচ্ছ্বাস

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। বিশ্বকাপের আবহ যতই ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ভক্তদের উৎসবমুখর আয়োজন। সেই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার নামে এক প্রতীকী প্রীতি ফুটবল ম্যাচ, যা উপভোগ করতে মাঠে ভিড় করেন শত শত দর্শক।

শনিবার (৩০ মে) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগারমিল খেলার মাঠে মাই ড্রিমস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী ম্যাচের আয়োজন করা হয়।

বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে এই প্রীতি ম্যাচ।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ব্রাজিল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর আর্জেন্টিনা ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে সমতায় ফেরে আর্জেন্টিনা।

সমতায় ফেরার মাত্র দুই মিনিট পর আবারও গোল করে লিড নেয় ব্রাজিল। কিন্তু ১৩ মিনিটে আরেকটি গোল করে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফিরিয়ে আনে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।

দ্বিতীয়ার্ধেও ছিল টানটান উত্তেজনা। এক পর্যায়ে ব্রাজিল আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচটি যখন ব্রাজিলের জয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে ৩-৩ সমতা ফিরিয়ে আনে আর্জেন্টিনা। ব্রাজিল দলের ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড ম্যাচে জোড়া গোল করে নিজের দক্ষতার পরিচয় দেন।

নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত থাকায় ফল নির্ধারণের জন্য গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে অধিক স্নায়ুচাপ সামলে আর্জেন্টিনা ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় এবং দর্শকদের উচ্ছ্বাসে ভাসে পুরো মাঠ।

আয়োজকরা জানান, তাদের সংগঠনের সদস্যদের মধ্যেই ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে পারস্পরিক সম্প্রীতি, আনন্দ এবং ফুটবলপ্রেমীদের মিলনমেলা তৈরি করতেই এমন আয়োজন করা হয়েছে।

ম্যাচকে ঘিরে কয়েকদিন ধরেই এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। মাঠের সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবের রূপ দেয়। খেলা চলাকালে শত শত দর্শকের উপস্থিতিতে সুগারমিল মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে।

ম্যাচটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ও অভিজ্ঞ রেফারি মো. আল-আমীন।

সুশৃঙ্খল ও প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলা'র অন্যান্য খবর

সর্বশেষ