করিমগঞ্জে ৪৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন সেবা

স্টাফ রিপোর্টার | করিমগঞ্জ
সেপ্টেম্বর ৫, ২০২৬
করিমগঞ্জে ৪৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন সেবা

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এনডেভার ফর বেটার অ্যাডভান্সমেন্ট (SEBA-সেবা)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে করিমগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সেবা’র প্রধান উপদেষ্টা শামসুল হক ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে সোনার বাংলা গড়ায় অবদান রাখতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সেবা'র প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা জুবায়ের ইবনে সাঈদ মানিক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেবা সংগঠনটি আর্তমানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ও উৎসাহিত করতে আমরা বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পালন করছি। আমাদের সকল কর্মসূচি বাস্তবায়নে দেশে অবস্থানরত সদস্য এবং নিবেদিতপ্রাণ প্রবাসী সদস্য শারীরিক ও আর্থিকভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি সবার সম্মিলিত সহযোগিতায় ‘সেবা’ সুস্থ ও মানবিক সমাজ নির্মাণে বহুদূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গুজাদিয়া আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির।

তিনি ‘সেবা’ সংগঠনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গ্রামীণ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের এভাবে পুরস্কৃত ও মূল্যায়ন করা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। সেবার এই শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকুক—এই কামনা করি।

অনুষ্ঠানের বিশেষ মেহমান করিমগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ঝাওতলা আনোয়ারিয়া কামিল মাদ্রাসার আইসিটি শিক্ষক তরিকুল ইসলাম বলেন, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আজকের এই তরুণদের দেশ গড়ার কারিগর হতে হবে। কৃতী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবী সংগঠনগুলোর একযোগে কাজ করা অত্যন্ত জরুরি।

এছাড়া অনুষ্ঠানে অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের, মুরাদ আহমেদ, মো. নুরুজ্জামান, সহ-সভাপতি মোমিনুল ইসলাম এবং অন্যান্য উপদেষ্টাগণ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের অর্থ সম্পাদক ফারুক আহাম্মদ তাঁর বক্তব্যে জানান, করিমগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের যুক্ত করতে ৫ দিনব্যাপী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। স্বচ্ছ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয় জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো অর্জন এনে দিতে অনুপ্রাণিত করাই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

সংবর্ধিত প্রতিটি কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, স্মারক বই, কলম, ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অভিভূত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতি বছর যেন এমন সংবর্ধনার আয়োজন করা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি সফল করতে সার্বিক অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা প্রদান করেন সংগঠনের কার্যকরী সদস্য দুবাই প্রবাসী জাকির হোসেন রবিন এবং সেবা পরিচালনা পর্ষদ ও তরুণ স্বেচ্ছাসেবকগণ।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

করিমগঞ্জ'র অন্যান্য খবর

সর্বশেষ