ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছে কিশোরগঞ্জ পৌরসভা। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের গাইটাল এলাকার রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।
জেবুন নাহার শাম্মী তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।
জেলায় সম্প্রতি ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য উল্লেখ করে এই পরিস্থিতিকে আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।
তিনি বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা ডেঙ্গু মশার প্রধান প্রজননক্ষেত্র।
ময়লা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের সুঅভ্যাস ও পরিচ্ছন্নতার প্রাথমিক শিক্ষা দিতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়তে পৌরসভা ও জনগণের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলী, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, এডভোকেট আবদুল্লাহ আল বুখারী এবং ব্যবসায়ী জোনায়েদ পিন্টু।
পৌরসভার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক ও সারোয়ার জাহান চৌধুরী।
এছাড়া রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।