গ্রামীণ কাঁচা রাস্তা পরিদর্শনে যাওয়া এমপিকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নারী-শিশুরাও

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
জুন ১, ২০২৬
গ্রামীণ কাঁচা রাস্তা পরিদর্শনে যাওয়া এমপিকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নারী-শিশুরাও

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া, চন্দ্রাবতী মন্দির এলাকা ও আশপাশের বিভিন্ন কাঁচা রাস্তা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সোমবার (১ জুন) দুপুরে তিনি গ্রামীণ এসব কাঁচা রাস্তা পরিদর্শন করেন।

মাজহারুল ইসলাম এমপি পরিদর্শনের সময় কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত চাহিদার কথা শোনেন।

পরে দামপাড়া এলাকায় কয়েক শতাধিক হিন্দু সম্পদায়ের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এমপি’কে এভাবে নিজেদের কাছে পেয়ে পুরুষদের পাশাপাশি উচ্ছ্বসিত হন নারী-শিশুরাও। তারা সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গে ছবিও তুলেন।

উঠান বৈঠকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে যাতায়াতে তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরলে মাজহারুল ইসলাম এমপি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, এলজিইডির প্রকৌশলী এনে রাস্তা পরিমাপ করা হবে এবং যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। আপনাদের জন্য আমার বাসার দরজা সবসময় খোলা। যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক শাহীন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ সুমন তার বক্তব্যে বলেন, নির্বাচনের আগে আমি এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি ক্ষমতায় এলে এমপি মহোদয়কে এই এলাকায় নিয়ে এসে জনগণের সমস্যাগুলো তাঁর সামনে তুলে ধরবো। আজ আমি আমার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, মাইজখাপন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ভোটাররা বিএনপির প্রতি আস্থা রেখে বিপুল ভোটে সমর্থন দিয়েছেন। তাই এলাকার রাস্তা-ঘাট, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ