কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
নভেম্বর ১৫, ২০২৬
কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

‎‎কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. উসমান গণির বিরুদ্ধে সম্প্রতি মো. মানিক মিয়া কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আনীত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ নিউজ অফিসে আয়োজিত সংবাদ সম্মলনে দলিল লেখক মো. উসমান গণি এই প্রতিবাদ জানান।

‎মো. উসমান গণি বলেন, গত ১১ নভেম্বর মো. মানিক মিয়া একটি সংবাদ সম্মেলন করেন এবং পরবর্তীতে ১২ নভেম্বর বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে মো. মানিক মিয়া দাবি করেন, গত ০৬/০৭/২০২৬ তারিখে রেজিস্ট্রিকৃত ৪৯৫০ নম্বর বায়নাপত্র দলিল ও একই তারিখে রেজিস্ট্রিকৃত ৪১৯৭ নম্বর সাফ কাবলা দলিলের মাধ্যমে একই দাতা সৈয়দ মাহবুবুর রহমানের নিকট থেকে জমি বায়না ও ক্রয় করা হয়েছে। এছাড়া ঐ সংবাদ সম্মেলনে দলিল লেখক মো. উসমান গণি এবং জেলা দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি ও তার শ্বশুর মহিউদ্দিন বাবুলকে জমি সংক্রান্ত একটি বিষয়ে জড়িয়ে নানা ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়।

‎‎দাবি খণ্ডন করে দলিল লেখক উসমান গণি জানান, তিনি একজন সনদপ্রাপ্ত দলিল লেখক এবং দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সততার সাথে কাজ করে আসছেন। তার মুসাবিদা করা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্য পরিশোধিত) দলিলটি সমস্ত আইন ও বিধিবিধান অনুসরণ করে গত ২২/০৬/২০২৬ তারিখে ৪৪০৭ নম্বর মূলে রেজিস্ট্রি সম্পন্ন হয়। উক্ত দলিলে দাতা ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রহীতা ছিলেন মো. আবুল কালাম। দলিল সম্পাদনের সময় দাতা সশরীরে সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে জবানবন্দি প্রদান, টিপসই ও স্বাক্ষর প্রদান করেন।

‎‎তিনি আরও উল্লেখ করেন, তার মুসাবিদা করা পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি রেজিস্ট্রি হওয়ার ১৪ দিন পর অর্থাৎ আগামী ০৬/০৭/২০২৬ তারিখে মো. মানিক মিয়া যে বায়না ও সাফ কাবলা দলিল সম্পাদন করেছেন, তা সম্পূর্ণ আলাদা বিষয়। পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি রেজিস্ট্রি করার ক্ষেত্রে দাতা সৈয়দ মাহবুবুর রহমানের জানা ও উপস্থিতি নিশ্চিত করেই তা সম্পন্ন করা হয়েছে। পরবর্তী দুটি দলিলের জেরে সৃষ্ট বর্তমান জমির বিরোধের সাথে তার পেশাগত কাজের কোনো যোগসূত্র নেই।

‎সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একতরফা বক্তব্য ও অনুমানের ওপর ভিত্তি করে একজন পেশাদার দলিল লেখক ও তার পরিবারকে জড়িয়ে এ ধরনের বক্তব্য প্রদান তাদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার একটি হীন অপচেষ্টা মাত্র। জমির মালিকানা বা দলিল সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে বা কর্তৃপক্ষের মাধ্যমে মীমাংসা করা উচিত, সংবাদ সম্মেলনের মাধ্যমে তৃতীয় পক্ষকে বা দলিল লেখককে হেয় প্রতিপন্ন করা কাম্য নয়।

‎দলিল লেখক মো. উসমান গণি তার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান এবং এই ঘটনার সুষ্টু বিচার দাবি করে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট সঠিক বিষয়টি তুলে ধরার অনুরোধ জানান।  সম্মলনে উসমান গণির শশুর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবুল এবং আইন সম্পাদক আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

 

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ