কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলারে ডাকাতির ঘটনায় মোহাম্মদ জুলহাস (৪৫), এহসানুল হক (২৮) ও রুবেল মিয়া (২৬) নামে আন্ত:জেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ২০টি দেশীয় অস্ত্র এবং লুট করা ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে মোহাম্মদ জুলহাস ও এহসানুল হককে সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই রাত ১০টার দিকে মিঠামইন থানা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আন্ত:জেলা ডাকাতদলের তিন সদস্যের মধ্যে জুলহাস মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের কাজীপাড়া গ্ৰামের মৃত ইসমাইল হোসেনের ছেলে, এহসানুল হক উপজেলার গোপদিঘী ইউনিয়নের বজকপুর গ্ৰামের হারিস মিয়ার ছেলে এবং রুবেল মিয়া ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্ৰামের মধু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
এদিকে এর আগে গত ৭ জুন মিঠামইন ঘাট থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে যাওয়ার পথে বৈরি আবহাওয়ায় কারণে হাসানপুর সেতুর দক্ষিণ পাশে একটি ট্রলার নোঙ্গর করে।
সেখানে ২০ মিনিটের মতো অবস্থানের পর আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীবাহী ট্রলারটি পুনরায় বালিখোলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ১০-১২ জনের একটি ডাকাতদল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রসহ যাত্রীবাহী ট্রলারে হামলা চালায়।
ডাকাতরা যাত্রীদের খুন করার ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৯৫ হাজার টাকা, ৫ টি স্মার্ট ফোনসহ মোট ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে নৌকার মাঝি জামাল মিয়া বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন।
এরপর থেকে ডাকাতদলটিকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ জুলহাস ও এহসানুল হকের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (১৫ জুন) বেলা ২টায় ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন রাত ১০টায় মিঠামইন থানা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ২০টি দেশীয় অস্ত্রসহ রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, মাদক ও দস্যুতার সাথে কোন আপস নেই। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।