কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকায় বজ্রপাতে এ প্রাণহানির ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল ইসলাম চরপলাশ গ্রামের সাদুরবাড়ি এলাকার রেজেক মিয়ার ছেলে।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৯ জুলাই) বিকালে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। বিকাল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে অন্যরা বাড়িতে চলে গেলেও তিনি জমিতে ধান রোপণ করতে থাকেন।
একপর্যায়ে বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন শফিকুল। পরে বৃষ্টি থামলে স্থানীয়রা জমিতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।