কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. ইয়াসিন (২০) নামে এক যুবককে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
মোবাইল কোর্টে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত মো. ইয়াসিন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত মো. নজরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জের ‘ক’ সার্কেল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ২ পিস ইয়াবাসহ মো. ইয়াসিন নামের এক যুবককে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।