কিশোরগঞ্জে প্লাস্টিকের বদলে সবুজ ফেরানোর ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ২৮, ২০২৬
কিশোরগঞ্জে প্লাস্টিকের বদলে সবুজ ফেরানোর ব্যতিক্রমী আয়োজন

কিশোরগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে 'গ্রীন হিউম্যান সোসাইটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে প্লাস্টিক বোতল একসময় ডাস্টবিনে বা যত্রতত্র পড়ে থাকত, সেটিতেই এখন মিলছে একটি গাছের চারা। প্রতি শুক্রবার বিকালে জেলা শহরের মুক্তমঞ্চে প্লাস্টিক বোতলের বিনিময়ে বিতরণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা।

শুক্রবার (২৮ আগস্ট) ছিল সংগঠনটির তৃতীয় দিনের মতো কর্মসূচি। গ্রীন ফ্রাইডে নামক এ কর্মসূচিতে একটি বা দুটি ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিলেই দেওয়া হচ্ছে একটি গাছের চারা। এ যেন প্লাস্টিকের বদলে সবুজ ফেরানোর ব্যতিক্রমী আয়োজন। এমন ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্লাস্টিক বোতল জমা দিয়ে সংগ্রহ করেন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক জানান, অংশগ্রহণকারীরা প্রথমে নিবন্ধন করে টোকেন সংগ্রহ করেন। পরে সেই টোকেন ও প্লাস্টিক বোতল জমা দিলেই হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।

আশিকুজ্জামান আশিক আরো জানান, প্লাস্টিক দূষণ কমানো, পুনর্ব্যবহারে মানুষকে উৎসাহিত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

প্রতি সপ্তাহের মতো এ শুক্রবারও (২৮ আগস্ট) কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। গাছ নিতে আসা কয়েকজন বলেন, আগে ব্যবহৃত প্লাস্টিক বোতল ডাস্টবিনে বা যত্রতত্র ফেলে দিতেন। এখন সেগুলো জমিয়ে রেখে প্রতি শুক্রবার গাছের বিনিময়ে সংগ্রহ করছেন এবং বাড়িতে রোপণ করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ বিতরণের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গ্রীন হিউম্যান সোসাইটি একটি সেচ্ছাসেবী সংগঠন। তারা পরিবেশ রক্ষায় কাজ করে। তাদের এই কার্যক্রম সবত্রই ছড়িয়ে পড়বে এবং মানুষ সেটাকে গ্রহণ করবে, এটিই আমাদের প্রত্যাশা।

প্লাস্টিক বর্জ্য কমানো আর বৃক্ষরোপণ-দুটি পরিবেশবান্ধব বার্তাকে এক সুতোয় গেঁথেছে ‘গ্রীন ফ্রাইডে’। সচেতনতার এই ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ দেখাবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ