রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে ভৈরবের যুবক জাকির নিহত, পরিবারে মাতম

আফসার হোসেন তূর্জা | ভৈরব
আগস্ট ২৮, ২০২৬
রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে ভৈরবের যুবক জাকির নিহত, পরিবারে মাতম

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে গ্যাস লিকেজজনিত ভয়াবহ বিস্ফোরণে জাকির হোসেন (৩২) নামে কিশোরগঞ্জের ভৈরবের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যুর খবর জানার পর থেকে পরিবারটিতে চলছে শোকের মাতম।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনেরা। আত্মীয়স্বজন আর পরিবারের সদস্যদের আহাজারি আর কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত জাকির হোসেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে মাত্র দেড় বছর আগে জমিজমা বিক্রি ও ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান জাকির।

রাশিয়ার আমুর এলাকায় এলএনজি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন একটি গ্যাস কমপ্লেক্সে চাকরি করতেন তিনি। তার আয়ে ধারদেনা পরিশোধ করে সংসার কোনোমতে চললেও সম্প্রতি তার একটি প্রমোশন হয়। এতে পরিবারের মধ্যে আশার আলো দেখা দিলেও তা দ্রুত শোকে পরিণত হয়।

গত ৫ দিন আগে সিনোপেক কোম্পানিতে ঘটা বিস্ফোরণে নিহত হন জাকির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, জাকিরের পরিবার অত্যন্ত অসহায় ও অসচ্ছল। দেশে থাকা অবস্থায় তিনি রিকশা চালানোসহ নানা কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন।

বাধ্য হয়ে দেড় বছর আগে সম্পত্তি বিক্রি ও ঋণ করে রাশিয়ায় গিয়েছিলেন। সম্প্রতি গ্যাস কোম্পানিতে নতুন চাকরি পেলেও গ্যাস বিস্ফোরণে তার মর্মান্তিক মৃত্যু হয়। এতে পরিবারটি যেমন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তেমনি মাথার ওপর চেপে বসেছে ঋণের পাহাড়।

পরিবারের পক্ষ থেকে জাকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে জাকির হোসেনের মৃত্যুর খবরটি আমরা পেয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তার স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে। আমাদের প্রথম প্রচেষ্টা হলো জাকিরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি, এই অসহায় পরিবারটিকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা যেন পায়, এ ব্যাপারে সব ধরণের সহযোগিতা করা হবে।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ