কিশোরগঞ্জের ভৈরবে বৈধ ইজারাকৃত বালুমহালে অবৈধভাবে বাধা দিয়ে কর্মচারীদের ওপর হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মইনুল ইসলাম বেকুল নামে বালুমহালের এক পরিচালক। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইনুল ইসলাম বেকুল জানান, পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহিনের ছোট ভাই সফিকুল ইসলাম টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৬ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ইজারা মূল্য ও ভ্যাট-ট্যাক্স পরিশোধ করেন। সরকারি নিয়ম মেনে ভৈরব উপজেলার ৩টি মৌজায় ১লা বৈশাখ থেকে বালু উত্তোলন শুরু করেন।
কিন্তু বৈধভাবে বালু উত্তোলন করলেও চাঁদাবাজ, সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ইমতিয়াজ আহমেদ কাজল বিনা পয়সায় বালু ব্যবসায় শেয়ার নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। তাকে শেয়ার না দেয়ায় সে ফেসবুকে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছে।
শুধু তাই নয়, কাজল গত ২০ অক্টোবর কথিত কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুসহ দলবল নিয়ে লুন্দিয়ায় বালুমহালে গিয়ে ড্রেজারে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বালু মহলের কর্মচারী মো. কাকন মিয়ার মাথা ফাটিয়ে ক্যাশে থাকা ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে কাকনকে আহত অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে কাকন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কাকনের ভাই পুণ্য বাদী হয়ে ইমতিয়াজ আহমেদ কাজল ও বাবুসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুজন বলেন, ইমতিয়াজ আহমেদ কাজল গণ অধিকার পরিষদের বহিস্কৃত নামধারী নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সে সুশীল সমাজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনকে জিম্মি করে অর্থ আত্মসাৎ করে। ভৈরবের নানাবিধ অভিযোগে অভিযুক্ত ইমতিয়াজ আহমেদ কাজল। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে কাজলসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর রাজন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ প্রমুখ।
এছাড়া সংবাদ সম্মেলনে ইজারাদারসহ ভৈরব বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।