১২ দিনে ১২ হাজার ২০২ অভিযোগ, ৩৬১ কোটি টাকা ঘুষ দাবি

কটিয়াদীর ১৭ বছরের শাহেদের ‘ঘুষ.সাইট’ ঘিরে তোলপাড়

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ২, ২০২৬
কটিয়াদীর ১৭ বছরের শাহেদের ‘ঘুষ.সাইট’ ঘিরে তোলপাড়

হাতে অস্ত্র নয়, কিবোর্ড। প্রতিবাদের মঞ্চ রাজপথ নয়, একটি ওয়েবসাইট। মাত্র ১৭ বছর বয়সে কিশোরগঞ্জের কটিয়াদীর শাহেদ শরীফ আহমেদের তৈরি ‘ঘুষ.সাইট’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ওয়েবসাইটটি চালুর ১২ দিনের মধ্যেই এতে জমা পড়েছে ১২ হাজার ২০২টি ঘুষের অভিযোগ। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় দাবিকৃত ঘুষের পরিমাণ প্রায় ৩৬১ কোটি ২৭ লাখ টাকা।

গত ২১ আগস্ট ‘ঘুষ.সাইট’ চালুর পর অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা ওয়েবসাইটটিতে অভিযোগ জমা দিচ্ছেন।

হাজার হাজার মানুষের এমন অভিযোগ সামনে আসার পর এখন প্রশ্ন উঠেছে—এসব অভিযোগ কি কেবল একটি ওয়েবসাইটের তথ্য হয়েই থাকবে, নাকি অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর তদন্ত ও ব্যবস্থা নেবে?

শাহেদ শরীফ আহমেদ কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার শরিফুল ইসলাম শামীমের ছেলে। মায়ের চাকরির সুবাদে ময়মনসিংহে বেড়ে ওঠা শাহেদ বর্তমানে বাবার সঙ্গে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করছেন। ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনার পাশাপাশি তিনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখছেন।

শাহেদের পরিবার জানায়, ২০২২ সালের ১৬ ডিসেম্বর অসুস্থতায় তাঁর মা আমিনা খাতুন মারা যান। তিনি ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

মায়ের মৃত্যুর পর তার সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা হয় শাহেদের বাবা শরিফুল ইসলাম শামীমের। পরিবারের অভিযোগ, প্রায় সাত লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলতে ট্রেজারি অফিসে ১০ হাজার, জেলা শিক্ষা অফিসে ২০ হাজার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আট হাজার—মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

পরিবারের দাবি, কল্যাণ তহবিলের দুই লাখ টাকা এবং চাকরিরত অবস্থায় মৃত্যুর কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য আরও আট লাখ টাকা—মোট ১০ লাখ টাকা তুলতেও ঘুষ দাবি করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে অন্তত ৮০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং বাকি অর্থের জন্য আরও টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন শরিফুল ইসলাম।

এ ছাড়া নিজের পাসপোর্ট করতেও ঘুষের অভিজ্ঞতা হয়েছে শাহেদের। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় বছর আগে ও-লেভেল পরীক্ষার জন্য পাসপোর্ট করতে গিয়ে ফাইল আটকে রাখার পর দেড় হাজার টাকা নেওয়া হলে দ্রুত কাজ করে দেওয়া হয়।

নিজের ও পরিবারের অভিজ্ঞতায় ক্ষুব্ধ হয়ে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদের উদ্যোগ নেন শাহেদ। তার ভাষ্য, মায়ের পাওনা টাকার ফাইল আটকে রেখে ঘুষ দাবি করা হচ্ছিল। এ অভিজ্ঞতা থেকেই ‘ঘুষ.সাইট’ তৈরির সিদ্ধান্ত নেন তিনি।

মাত্র দুই ঘণ্টায় ‘ঘুষ.সাইট’-এর প্রাথমিক কাঠামো তৈরি করেন শাহেদ। পরে বন্ধু ও সহপ্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহযোগিতায় ডোমেইন কেনা হয়। ২১ আগস্ট সাইটটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

শাহেদ ওয়েবসাইটের কোডিং ও কারিগরি বিষয় দেখছেন। আর সাইফ কবির দেখছেন বিপণন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কাজ। অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য রয়েছে চার সদস্যের একটি মডারেশন টিম। পুরো উদ্যোগে তাদের খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা বলে জানান সংশ্লিষ্টরা।

শাহেদের বাবা শরিফুল ইসলাম শামীম বলেন, স্ত্রীর মৃত্যুর পর সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই ঘুষ দিতে হয়েছে। প্রায় সাত লাখ টাকা তুলতে গিয়ে বিভিন্ন দপ্তরে ৩৮ হাজার টাকা দিতে হয়েছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, বাকি ১০ লাখ টাকা পেতেও এক লাখ টাকা ঘুষ দাবি করা হচ্ছে। ইতোমধ্যে অন্তত ৮০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এর প্রতিবাদেই আমার ছেলে নিজের উদ্যোগে ‘ঘুষ.সাইট’ খুলেছে।

শরিফুল ইসলাম আরও বলেন, বর্তমানে আমার পরিবার ও ছেলের জীবনের  নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই।

কটিয়াদী'র অন্যান্য খবর

কটিয়াদীতে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান

কটিয়াদীতে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান

কটিয়াদীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ও মেয়েসহ নিহত ৩, আহত ৩

কটিয়াদীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ও মেয়েসহ নিহত ৩, আহত ৩

মহানবীর আদর্শ বাস্তবায়ন হলেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ড. ফয়জুল হক

মহানবীর আদর্শ বাস্তবায়ন হলেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ড. ফয়জুল হক

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সর্বশেষ