কটিয়াদীতে মুদি দোকানির টুপির ভেতর মিললো ইয়াবা

মাসুম পাঠান | কটিয়াদী
সেপ্টেম্বর ৬, ২০২৬
কটিয়াদীতে মুদি দোকানির টুপির ভেতর মিললো ইয়াবা

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাথার টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন তিনি। অভিযান চালিয়ে তার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন তার মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হক মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন তিনি। পরে রাতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় তাকে আটক করে তল্লাসি চালালে মাথার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হক মিয়ার মুদি দোকানটি মাদক ব্যবসার গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি কৌশলে টুপির ভেতর ইয়াবা রেখে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় হক মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ