স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার | বাজিতপুর
সেপ্টেম্বর ২৮, ২০২৬
স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে ১০ বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর গৃহবধূ ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে নিহত ঝর্ণা আক্তারের স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়া (৪২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি ইসমাইল ওরফে সাগর মিয়া পলাতক রয়েছে। সে বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে।

অন্যদিকে নিহত ঝর্ণা আক্তার উপজেলার নিলখী নয়াহাটির মৃত তোফাচাঁনের মেয়ে। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন।

পারিবারিক কলহের জের ধরে ২০১৬ সালের ১২ এপ্রিল রাতে ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়া।

এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল ওরফে সাগর মিয়াকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করেছিলেন।

১০ বছর পর সোমবার (২৮ সেপ্টেম্বর) আসামির অনুপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়।