কিশোরগঞ্জে দারুল আরকাম মডেল মাদরাসার শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা শহরের হয়বতনগর এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া এবং কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি মাদরাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
তিনি মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।