কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার ওই গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে ও চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে সুমাইয়া।
গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে।
দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বাবা মো. মানিক মিয়া বলেন, আমার মেয়ে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাকে জানায়, সুমাইয়া পুকুরের পানিতে ডুবে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফিরোজ মিয়া জানান, হাসপাতালে আনার আগেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে।