কিশোরগঞ্জে ৩০ অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি পেলেন জেলা পরিষদের হুইল চেয়ার উপহার

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ১৯, ২০২৬
কিশোরগঞ্জে ৩০ অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি পেলেন জেলা পরিষদের হুইল চেয়ার উপহার

কিশোরগঞ্জে ৩০ জন গরিব ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিয়েছে জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার উপহার পেয়ে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের স্বস্তি এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে হুইল চেয়ারে বসে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, সমাজের অবহেলিত, বিশেষ চাহিদা সম্পন্ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। আজ কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আমরা যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি, তার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ভাই-বোনদের চলাফেরাকে একটু সহজ করে দেওয়া এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

খালেদ সাইফুল্লাহ সোহেল খান আরো বলেন, আমরা বিশ্বাস করি, সরকার ও জেলা পরিষদের এই মানবিক কর্মসূচিগুলোর মাধ্যমে জেলার অসহায় মানুষগুলোর জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। কিশোরগঞ্জ জেলা পরিষদ সবসময় মানবকল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে এভাবে সাধারণ মানুষের পাশে থাকবে। আসুন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এগিয়ে আসি এবং একটি অন্তর্ভুক্তি ও সহানুভূতিশীল সমাজ গঠন করি।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ