উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ্, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন এবং সকল বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত টুর্নামেন্টে ৪টি বিভাগের মোট ১০টি ফুটবল দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনের ম্যাচ দেখতে মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। উদ্বোধনী ম্যাচে ফ্যালকন ফোর ও প্যাচাল মাস্টার অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হাবীবুর রহমান বলেন, “পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ ধারার ক্রীড়া চর্চা তরুণ সমাজকে গঠনমূলক কাজে অনুপ্রাণিত করে এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।”
নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেন। তাঁর সেই আদর্শ সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুসংগঠিত ঐক্য গড়ে তুলতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। খেলাধুলার মধ্য দিয়ে মাদকমুক্ত ও প্রাণবন্ত এক ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।