কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইটি যানবাহনের দুই চালক আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জগামী কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে।
কাভার্ডভ্যানটিও নিয়ন্ত্রণ হারায়। সেটিও রাস্তার পাশে গিয়ে পড়ে। দুর্ঘটনায় দুই চালক আহত হন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রাইভেটকারে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।