পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ২৮, ২০২৬
পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির ২৬তম সৈনিক পুনর্মিলনী ও আলোচনা সভা। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পুরোনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও হলরুমে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

২০০১ সালে প্রতিষ্ঠিত অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির হোসেনপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হাই এবং কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ও আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের সদস্যসচিব রাকিবুল আলম ছোটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবসরজীবনেও তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার পাশাপাশি কল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা প্রয়োজন।

দিনব্যাপী এ আয়োজন স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের পুনর্মিলনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ