কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ি থেকে গরুর হাটে গিয়ে প্রায় ২ মাস ধরে নিখোঁজ রয়েছেন মো. বুলবুল (৫১) নামে এক ব্যক্তি। গত ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার শিমুলিয়া গরুর হাটে যান।
এরপর তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এ পরিস্থিতিতে পরিবারটির মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ বুলবুল পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুস সালাম।
পারিবারিক সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দিন বুলবুলের পরনে ছিল সাদা শার্ট ও নীল রঙের লুঙ্গি। পায়ে ছিল গোলাপি রঙের মেয়েদের জুতা। তাঁর গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি।
এ ঘটনায় তাঁর স্ত্রী নাসিমা বেগম গত ৬ অক্টোবর পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২৮৯।
নিখোঁজ বুলবুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৯০৬-৫৫১৫৬৮ অথবা ০১৭১৮-৫১৫২১০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।