নরসিংদী জেলার রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী ও বাকপ্রতিবন্ধী ববি বেগম (৭০) হত্যাকাণ্ডের ঘটনায় র্যা ব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মেথিকান্দা এলাকার সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০) ও বিল্লাল মিয়া (২৫)। তাদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাতকে নবীনগর থেকে এবং অন্য তিনজনকে রায়পুরার মেথিকান্দা স্টেশনসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুলাই মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ববি বেগমের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়।
আহত অবস্থায় চিকিৎসা নেওয়ার পর তাকে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে বুধবার (৮ জুলাই) রাতে নামাজে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে র্যা ব-১১, রেলওয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।