পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে শামীম (৩০) নামের এক যুবক গাছেই অজ্ঞান হয়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। শনিবার (১৩ জুন) সকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিনমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
পর্তুগালের সমর্থক শামীম বৈরি হরিনমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যে শামীম পর্তুগাল দলের পতাকা টানানোর জন্য শনিবার (১৩ জুন) সকালে গ্রামের একটি কদম গাছে ওঠে। এক পর্যায়ে সে হঠাৎ অসুস্থ হয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে ডালে আটকে থাকে।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামীমকে উদ্ধার করে।
পরে তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পলাশবাড়ী স্টেশনের সাব অফিসার লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, গাছ থেকে পড়ে গেলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।