ময়মনসিংহের নান্দাইলে স্বজনদের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার দুই বছর বয়সী ছেলে রাফী এবং শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে জান্নাত।
তারা দুজন সম্পর্কে সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি ও নাতনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুদের পরিবার স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন দুপুরে বাড়ির পেছনে খেলাধুলা করার এক পর্যায়ে সবার অজান্তে শিশু দুটি পাশের পুকুরে পড়ে যায়।
স্বজনরা অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের দেহ ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।”
দুই শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।