কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের বিশেষ অনুদানপ্রাপ্ত উপজেলার ১৭ জন ব্যক্তির মাঝে এসব বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
অনুষ্ঠানে উপজেলার ১৭ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে মোট ১ লাখ ৭০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রত্যেক উপকারভোগী ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক পেয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুস ছাওয়ার ও আহম্মদ ফারুক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুকুন উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ অনুদানের এ সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা ব্যয় নির্বাহ এবং আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।