কিশোরগঞ্জের হাওরে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। তিনি বলেছেন, হাওরে ডাকাতি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং পূর্বের রেকর্ডের ভিত্তিতে ডাকাতদের বিরুদ্ধে টানা অভিযান চালাতে হবে।
রবিবার (১২ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রশাসনের কাছে ডাকাতদের তালিকা অবশ্যই থাকার কথা। পূর্বের রেকর্ডের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হলে তারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে।
তিনি বলেন, “পূর্ববর্তী রেকর্ডের ভিত্তিতে তাদের ধরলে, ডাকাতি তো দূরের কথা, কয়েক দিন টানা অভিযান চালালে তারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হবে। অন্যায়ের সঙ্গে কোনোভাবেই আমরা আপস করতে পারি না।”
হাওরে পানি আসার পর গত কয়েক দিনে করিমগঞ্জ, ইটনা ও মিঠামইনের বিভিন্ন নৌপথে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৭ জুলাই রাত ১০টার দিকে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা সংলগ্ন হাওরে লাশবাহী একটি ইঞ্জিনচালিত নৌকায় হামলা চালিয়ে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়।
পরদিন ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতু এলাকার বগাডুবি খাল সংলগ্ন হাওরে ব্যবসায়ীদের একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে নগদ টাকা, মুঠোফোন, ইঞ্জিনের যন্ত্রাংশ ও রান্নার সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
এর আগে গত ৭ জুন সন্ধ্যার পর মিঠামইন ঘাট থেকে বালিখোলা যাওয়ার পথে হাসানপুর সেতু এলাকায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতদল হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, মুঠোফোন ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মিঠামইন থানায় মামলা দায়েরের পর আন্ত:জেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার এবং লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।
এসব ডাকাতির ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে ইটনা ও মিঠামইন থানার ওসির নেতৃত্বে ডাকাতিপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জলপথে বিশেষ নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে।
একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিকাল সাড়ে ৫টার পর হাওরে নৌ চলাচল না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন।
এছাড়া সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা জোরদার এবং নাগরিক জীবনে স্বস্তি নিশ্চিত করতে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ ছাড়াও শহরাঞ্চলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, ক্ষতিগ্রস্ত সড়কের দ্রুত সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।