প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ।
এতে অন্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্মআহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন দিলু প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জাসাস এর শিল্পীরা।
এছাড়া বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে দুপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শহরে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।