তাড়াইলে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আমিনুল ইসলাম বাবুল | তাড়াইল
জুলাই ১৬, ২০২৬
তাড়াইলে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০২৬ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষ, সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যবসায়ের বিকল্প নেই।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র উপজেলার জন্য গর্বের।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সারোয়ার আলম।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ ফলাফল করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার কামনা করেন।

তাড়াইল'র অন্যান্য খবর

সর্বশেষ