কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে মা-বাবাকে মারধর ও ঘরবাড়িতে ভাঙচুর চালানোর অপরাধে সজিব (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এই দণ্ডাদেশ দেন।
দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিব ওই গ্রামের কাঞ্চন মিয়া ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সজিব দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে আসছিলো। মাদক সেবন করে সে নিয়মিত মা-বাবার ওপর শারীরিক নির্যাতন চালাতো।
এছাড়া মাদক কেনার জন্য টাকা না পেলে সজিব ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি করতো।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়িতে মাদক সেবন ও ভাঙচুররত অবস্থায় আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, মাদক সেবন করে পিতামাতাকে নির্যাতন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করায় আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানিয়েছেন।