কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) হোসেনপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন,হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
প্রস্তুতিমূলক সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৫ আগস্ট সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, র্যা লি, শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল ইত্যাদি।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে সভা সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে অন্যদের মধ্যে হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান ও এলজিইডি কর্মকর্তা বিদ্যুৎ কুমার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।