কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মরহুমের নামাজে জানাজায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মরহুম সিরাজুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন ৷