পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

আবু হানিফ | পাকুন্দিয়া
আগস্ট ১৫, ২০২৬
পাকুন্দিয়ায় ২৭ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশে সবক প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মডেল হিফজ মাদ্রাসার নাজেরা ও নুরানি বিভাগের ২৭ শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়েছে। কোরআন শিক্ষার নতুন ধাপে প্রবেশের এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের আবহ।

শনিবার (১৫ আগস্ট) বিকালে মাদ্রাসার হলরুমে এ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, নাজেরা ও নুরানি বিভাগের মোট ২৭ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়। অনুষ্ঠানে পাকুন্দিয়া মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজাহিদুল ইসলাম, পাকুন্দিয়া মডেল হিফজ মাদ্রাসার পরিচালক সালাহউদ্দিন সাইফুল্লাহ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এস এম ইউসুফসহ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাকুন্দিয়া মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজাহিদুল ইসলাম বলেন, “পবিত্র কোরআন শিক্ষা একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই, এখানকার শিক্ষার্থীরা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে পরিবার ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখুক।”

সবক পাওয়া শিক্ষার্থী রাইয়ান মুনতাসির বলেন, “আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের। কোরআন শেখার সুযোগ পেয়ে আমি খুব খুশি। নিয়মিত পড়াশোনা করে ভালোভাবে কোরআন শিখতে চাই।”

আরেক শিক্ষার্থী মোহাম্মদ শাজিল বলেন, “মাদ্রাসায় এসে আমরা কোরআন পড়ার পাশাপাশি অনেক কিছু শিখছি। আজ সবক পাওয়ার পর আমার আরও ভালোভাবে পড়াশোনা করার আগ্রহ তৈরি হয়েছে। আমি ভবিষ্যতে কোরআনের শিক্ষা অনুযায়ী চলতে চাই।”

অভিভাবক শাখিয়া আক্তার বলেন, “সন্তানকে ছোটবেলা থেকেই কোরআন শিক্ষার সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। মাদ্রাসার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পড়াচ্ছেন। সন্তানরা যেন ভালোভাবে কোরআন শিখে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সবক পাওয়া শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় নিয়মিত মনোযোগী হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ