পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

আবু হানিফ | পাকুন্দিয়া
আগস্ট ১৭, ২০২৬
পাকুন্দিয়ায় ময়লার ট্রাককে সিএনজির ধাক্কা, নিহত ১, আহত ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে পৌরসভার দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা (৪৫), তার শিশু পুত্র আয়ফান ও তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫৩)।

এছাড়া সিএনজি চালকও আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার ময়লার ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ