পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

আবু হানিফ | পাকুন্দিয়া
আগস্ট ১৮, ২০২৬
পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসনের জন্য তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সুখিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজান মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান।

পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ইউএনও রূপম দাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট সুখিয়া বাজারে অগ্নিকাণ্ডে মিজান মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তিনি উপজেলার আজলদী গ্রামের বাসিন্দা।

অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সরকারি এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়া। তিনি বলেন, আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তা কাজে লাগিয়ে ক্ষতি কিছুটা কাটিয়ে আবারও ব্যবসা শুরু করার চেষ্টা করবেন তিনি।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ