কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জুনায়েদ ভূঁইয়া মোহনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি ওমর ফারুক।
শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী এডভোকেট মো. মুখলেছুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা মো. মজিবুর রহমান, মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গত ২৫ জুলাই জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পাঁচটি মাদ্রাসা ও চারটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- এই তিনটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মোট ১ লাখ ২২ হাজার টাকা এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে।