পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবু হানিফ | পাকুন্দিয়া
অক্টোবর ১৩, ২০২৬
পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সচেতনতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় নিজের জীবন ও সম্পদ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ