কিশোরগঞ্জের কটিয়াদীতে কানামাছি খেলার সময় তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে স্নিগ্ধা বর্মন অদ্রি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অদ্রি কটিয়াদী হাসপাতাল রোডের লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তার পৈতৃক বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাগুয়া গ্রামে।
জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে স্নিগ্ধা বর্মন অদ্রি, তার ছোট ভাই ও সমবয়সী কয়েকজন শিশু মিলে বাসার ছাদে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে চোখ বাঁধা অবস্থায় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় অদ্রি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অদ্রির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আবুল হাসান বলেন, অদ্রি তৃতীয় শ্রেণির অত্যন্ত ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোকে ভেঙে পড়ে অদ্রির বাবা এসআই সুভাষ চন্দ্র বর্মন বলেন, ‘আমি আমার পরিবারের স্বপ্নকে হারিয়ে ফেলেছি। আমি কাকে মা বলে ডাকব, আমাকে কে বাবা বলে ডাকবে? অদ্রিকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। মুহূর্তের মধ্যেই আজ সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা যেন আমার অদ্রিকে ভালো রাখেন—এটাই আমাদের কামনা।’