পাঁচ বছরে সাড়ে ১০ হাজার ব্যাগ রক্ত দান করেছে অষ্টগ্রাম ব্লাড ব্যাংক

স্টাফ রিপোর্টার | অষ্টগ্রাম
মে ৩১, ২০২৬
পাঁচ বছরে সাড়ে ১০ হাজার ব্যাগ রক্ত দান করেছে অষ্টগ্রাম ব্লাড ব্যাংক

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নিরবে রক্তদান করে যাচ্ছেন কয়েকশ’ তরুণ-তরুণী। তাদের গড়া সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত রক্ত নিয়ে বেঁচেছে প্রায় ১০ হাজার প্রাণ। দুর্গম হাওর থেকে তাদের এই কার্যক্রম জেলা ছেড়ে এখন দেশজুড়ে বিস্তার লাভ করেছে। সংগঠনটির নাম অষ্টগ্রাম ব্লাড ব্যাংক।

মাত্র পাঁচ বছরে ১০ হাজার ব্যাগ রক্তদান করেছে হাওরের এই ব্লাড ব্যাংকটি। তাদের দেওয়া মোবাইল নাম্বারে একটা কল, ফেসবুক গ্রুপে একটা পোস্ট অথবা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিলেই রোগীর কাছে ছুটে গিয়ে দিয়ে আসেন টাটকা রক্ত। এতে নেন না কোন যাতায়াত ভাড়া বা খরচ।

মাত্র পাঁচ বছরে এই সংগঠনটিতে যুক্ত হয়েছেন হাজারও স্বেচ্ছাসেবক। ছেলেদের পাশাপাশি যুক্ত হয়েছেন দুই শতাধিক মেয়েও। যারা মানবসেবায় কাজ করছেন সার্বক্ষণিক। তাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারগুলো পরিণত হয়েছে হটলাইনে। সংগঠনটির এমন মানবিক কার্যক্রম ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

সংগঠনের বেশ কয়েকজন সদস্য জানান, ক্ষুদ্র জীবনে মানুষের উচিত মানুষের পাশে থাকা। একটা মানুষ তখনই রক্ত চায়, যখন তার জীবন-মরণ সন্নিকটে। আমরা অনেক সময় অনেকভাবেই মানুষের পাশে থাকতে পারি না, কিন্তু রক্তদানের মাধ্যমে খুব সহজেই মানুষের পাশে দাঁড়ানো যায়। রক্তদানে মানুষের শারীরিক বা মানসিক কোন ক্ষতি হয় না। বরং রক্তদানে শারীরিক এবং মানসিক শান্তি খুজে পান তারা।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল করিম জানান, রক্ত দিতে তার খুব ভালো লাগে। তার রক্তে আরেকটা মানুষ নতুন জীবন ফিরে পাবে, এটা ভেবে খুব আনন্দ লাগে। এর চেয়ে আরেকটা ভালো কাজ আর দুনিয়াতে নাই। এজন্য নিয়মিত রক্ত দেন তিনি। যতদিন সুস্থ আছেন ততদিন তিনি রক্ত দিতে আগ্রহী।

সিনথিয়া মেহের মুক্তা নামে একজন নারী রক্তদাতা জানান, বিভিন্ন সময়ে যখন দেখলেন ছেলেরা রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান। এ বিষয়টি দেখে তিনিও উৎসাহিত হন। এক পর্যায়ে সাহস করে রক্ত দিতে শুরু করেন তিনি।

এই তরুণী বলেন, কাউকে নিয়মিত রক্ত দিলে ওই মানুষটির প্রতি মায়া জন্মে যায়। রক্ত দিয়ে কাউকে মুমূর্ষু অবস্থায় তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারলে ভাল একটা অনুভূতি কাজ করে বলেও জানান তিনি।

অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসেন আশরাফী জানান, ২০১৭ সাল থেকে রক্তদান শুরু করেন তারা। তখন কোন সংগঠন ছাড়াই বেশ কিছু স্বেচ্ছাসেবী নিয়ে কাজ শুরু করেন। পরে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। তখন থেকে (বিগত পাঁচ বছরে) ১০ হাজার ব্যাগ রক্ত দিয়েছেন তারা। প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সংগঠনে। এই ব্যাংকে ৩০ জন পরিচালক রয়েছেন।

জাকির হোসেন আশরাফী বলেন, আমাদের ব্যক্তিগত নাম্বারগুলো বর্তমানে হটলাইনে পরিণত হয়েছে। যারা রাতদিন ২৪ ঘন্টা রক্ত ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছেন।

অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের কার্যক্রমে মুগ্ধ স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি রবিবার (৩১ মে) সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের সদস্যদের উৎসাহিত করেন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি বলেন, হাওরের এমন একটি সংগঠনের এমন মহৎ কাজ আমাকে মুগ্ধ করেছে।

তাদের কাজে প্রতি স্যালুট জানিয়ে সংসদ সদস্য ফজলুর রহমান তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অষ্টগ্রাম'র অন্যান্য খবর

সর্বশেষ