অষ্টগ্রামে ১২০ নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

বিজয় কর রতন | অষ্টগ্রাম
আগস্ট ২৭, ২০২৬
অষ্টগ্রামে ১২০ নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৩০ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

একই সঙ্গে নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতন করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মহিবুল্লাহ।

এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক এনামুল রেজা, সিনিয়র শাখা ব্যবস্থাপক সঞ্জয় পাল, সহকারী শাখা ব্যবস্থাপক বিজয় চন্দ্র দেবনাথ এবং এসএস লিড জেনারেশন মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার লক্ষ্যে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে ক্যান্সারের চিকিৎসা ও নিয়ন্ত্রণের সম্ভাবনা অনেক বেশি থাকে।

অষ্টগ্রামের প্রত্যন্ত হাওরাঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রাম'র অন্যান্য খবর

সর্বশেষ