কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজারে বিলমাকশা জলমহাল নিয়ে উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
এই মারামারিতে বেশ কয়েকজন নেতাকর্মী অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
যা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে আগামী ৭ দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপি বরাবর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, অষ্টগ্রাম উপজেলার বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের মধ্যে বছর খানেক ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিলো।
এর জের ধরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।