বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত ‘রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে তাঁর সম্পর্কে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রতিবেদনটির তথ্য প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট পত্রিকাকে একই গুরুত্বে সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন।
সোমবার (৮ জুন) সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং কখনো ছিলেন না বলেও দাবি করেন।
শরীফুল আলম জানান, তিনি বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে সম্পৃক্ত থাকলেও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অর্থ পাচারের অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিকর এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁর নাম জড়িয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই যে স্থানে ও যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশ করা উচিত।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
গত ৮ জুন দেশের নতুন প্রকাশিত পত্রিকা দৈনিক আগামীর সময়-এর প্রথম পাতায় শরীফুল আলমের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রসঙ্গত, আগামীর সময়ে প্রকাশিত প্রতিবেদনে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে রপ্তানি আয়ের অর্থ (প্রায় ৩৩ কোটি টাকা) দেশে ফেরত না এনে পাচারের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শরীফুল আলমের নাম উল্লেখ করা হয়েছিল।
উল্লেখ্য, মো. শরীফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচিত সংসদ সদস্য।