কিশোরগঞ্জের তাড়াইলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ব্র্যাক। বুধবার (১০ জুন) ব্র্যাক কিশোরগঞ্জ-২ রিজিওনের তাড়াইল এরিয়া অফিসে আনুষ্ঠানিকভাবে এসব বিশেষ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা, বীজ ও গবাদিপশু বিতরণ করা হয়।
বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে, মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির আওতায় ১৬ জন সদস্যের মাঝে ১৬ হাজার পিছ মাছের পোনা বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ ও হরেক রকমের সবজি বীজ দেওয়া হয়।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় ৩ জন সদস্যকে আত্মকর্মসংস্থানের জন্য ষাঁড় জাতীয় (৩টি ষাঁড় গরু) গবাদি প্রাণি প্রদান করা হয়েছে।
এছাড়া পরিবেশ ও পুষ্টির কথা মাথায় রেখে ১২০ জন সদস্যের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
ব্র্যাক তাড়াইল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। তিনি ব্র্যাকের এই কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “এ ধরণের সহায়তা গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আজাদুর রহমান, সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নাজমুল হক, শাখা ব্যবস্থাপক (দাবি)অসিম কুমার সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আ. রউফ, ব্র্যাক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) হোসনেরা, শাখা ব্যবস্থাপক (ইউপিজি) মাসুদ মিয়া, ব্র্যাক উপজেলা হিসাব ব্যবস্থাপক সমীর ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাগণ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ব্র্যাকের এই ধরনের টেকসই এবং মানবিক সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।