মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, ভাড়াটে তিন খুনি আটক

স্টাফ রিপোর্টার | মিঠামইন
জুলাই ১৬, ২০২৬
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, ভাড়াটে তিন খুনি আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে তি‌নি অত‌র্কিত হামলায় গুরুতর আহত হন। এছাড়া হামলায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তা‌দের উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ জেলা শহ‌রের এক‌টি ক্লি‌নি‌কে নি‌য়ে যাওয়ার পর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। রাত সাড়ে ১১টার দি‌কে সেখা‌নে নি‌য়ে যাওয়ার পর কর্তব্যরত চি‌কিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা ক‌রেন।

এদিকে এ ঘটনায় ভাড়াটে তিন খুনিকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে, বরগুনা জেলার বামনার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল, মহিউদ্দিন ও জাকির। এই তিনজনই পেশাদার খুনি এবং ঢাকার ভাড়াটে অপরাধী চক্রের সদস্য।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত ৩ থেকে ৪ জন ব্যক্তি তাদের উপর অত‌র্কি‌তে হামলা চালায়।

হামলাকারীরা দুইজন‌কেই উপর্যুপ‌রি কু‌পিয়ে গুরুতর আহত ক‌রে ঘটনাস্থল থে‌কে পালিয়ে যায়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত বসাক বলেন, রাত সাড়ে ১১ টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে জাহিদুল আলম জাহাঙ্গীরের উপর হামলার পর পরই হামলাকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িত ভাড়াটে তিন খুনিকেই আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, এরা ঢাকা থেকে হায়ার করা (ভাড়াটে) অপরাধী চক্রের সদস্য। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পুরো এলাকায় পুলিশের কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে তা উদ্ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ