আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও ফায়ার সার্ভিসের বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই স্লোগান নিয়ে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সকাল ১১ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মিঠামইন কার্যালয়ের একটি চৌকস টিম বিশেষ সচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম অপু , মিঠামইন বাজার বনিক সমিতির সভাপতি শাহেরীল আলম তপন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ক্ষিরোদ নাথ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজয় কর রতন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আসন্ন দুর্গোউৎসবের জন্য পূজা মণ্ডপে বরাদ্দকৃত জি,আর, চাল বন্টনের ডিও ১৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেন।