জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) এ আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ বছরের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয় - কন্যা করবে বিশ্বজয়’ এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, বড়হাটি শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, অফিস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা রানী পাল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে কন্যাশিশুরা বিভিন্ন সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কন্যাশিশুদের হাতে পুরস্কার তুলে দেন।