কিশোরগঞ্জে সুরুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত সুরুজ মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কটিয়াদী পশ্চিমপাড়ার মৃত সমেদ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে দুই পিস ইয়াবাসহ সুরুজ মিয়াকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।