কটিয়াদীতে প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধরের অভিযোগ, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি

কটিয়াদী প্রতিনিধি | কটিয়াদী
নভেম্বর ৭, ২০২৬
কটিয়াদীতে প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধরের অভিযোগ, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে শারীরিক প্রতিবন্ধী এক কলেজছাত্রকে মারধরের অভিযোগের প্রতিবাদ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি গচিহাটা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মাদক সেবনের সন্দেহে মারধর করেন মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানা। মারধরের শিকার হয়ে বাড়িতে ফিরে জয় তার চাচা মো. তাজুল শাহকে বিষয়টি জানান।

বিষয়টি জানতে পেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে ও ঘটনার প্রতিবাদ জানাতে তাজুল শাহ গচিহাটা বাজারের একটি ফার্মেসিতে গিয়ে শাহরিয়ার জামান রানাকে জিজ্ঞেস করলে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহর ছুরিকাঘাতে শাহরিয়ার জামান আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে স্থানীয় নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। তাঁরা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আফতাব উদ্দিন জয়কে মারধরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ